সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ জনকে গ্রেপ্তার দেখিয়ে মামলা

সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ করার ঘটনায় আটক ৫৭ জনের মধ্যে ২৬ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। বাকি ৩১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
 
বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহিন। 

পুলিশ জানায়, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনরায় মূল্যায়নের দাবিতে বুধবার দুপুরে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে তাদের সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা সরে না যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন। পরে সেখান থেকে ৫৭ জনকে আটক করা হয়।

শাহবাগ থানার ওসি শাহাবুদ্দিন শাহিন বলেন, সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় ২৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ তাদের আদালতে সোপর্দ করা হবে।

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করে আসছেন এক দল শিক্ষার্থী। বুধবার দুপুরে সচিবালয়ে ঢুকে পড়েন তারা।