পিলখানার হত্যা মামলায় জেল পলাতক ফাঁসির আসামি গ্রেপ্তার

পিলখানার বিডিআর বিদ্রোহে হত্যা মামলায় মৃত্যু দণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি আমিনুলকে (৩৯) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শ‌নিবার দুপুরে র‌্যাব ৪ ও র‌্যাব ১০ এর যৌথ অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মিরহাজিরবাগ এলাকা থেকে ওই আসামিকে গ্রেপ্তার করে।

আমিনুল সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার বাগু‌টিয়া গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানায়, গত ০৬ আগস্ট দেশব্যাপী সহিংসতা ও সরকার পতনের সংকটপূর্ণ পরিস্থিতিকে কেন্দ্র করে সকাল পৌনে ৯টায় কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে থাকা কারাবন্দীরা পরস্পর যোগসাজশে মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গাহাঙ্গামা শুরু করে এবং কারাগারের দায়িত্বে থাকা রক্ষীদের মারধর ও জিম্মি করে পালানোর চেষ্টা করে।

এক পর্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কারারক্ষীরা অ্যালার্ম বাজায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ না আসলে অফ ডিউটিতে থাকা কারারক্ষীগণ কারা অভ্যন্তরে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

সে সময় কারাবন্দীদের আক্রমণে প্রায় ২৫ জন কারারক্ষী আহত হয়। এমতাবস্থায় দাঙ্গাহাঙ্গামা চলাকালে কারাবন্দীরা বৈদ্যুতিক পিলার ভেঙে মই বানিয়ে বাউন্ডারির উপর দিয়ে কারাগারের পশ্চিম দিক দিয়ে পালিয়ে যায়। ওই ঘটনায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি হয়। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ বাদী হয়ে গাজীপুর জেলার কোনাবাড়ী থানায় একটি মামলা করেছে।

ঘটনার পর থেকে দেশের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি য অভিযানিক দল জেল পলাতক ওই বন্দীদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় শনিবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তার আসামি ২০০৯ সালের ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহে হত্যা মামলায় গ্রেপ্তার হন। পরে বিজ্ঞ আদালত তাকে মৃত্যু দণ্ডাদেশ দেন।