সাবেক প্রতিমন্ত্রী শহিদুজ্জমান চার দিনের রিমান্ডে

বিএনপির কর্মী মকবুলকে গুলি করে হত্যা মামলায় সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহিদুজ্জামান সরকারের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক নাজমুল হাচান তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডের আবেদন করেন।

গত বুধবার রাতে ঢাকার উত্তরা এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

২০২২ সালের ৭ ডিসেম্বর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান ও ভাঙচুর চালানো হয়। এ সময় কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপরেও হামলা চালানো হয়। এতে মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর পল্টন থানায় শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা হয়। এ মামলায় এজাহারনামীয় ৫৩ নম্বর আসামি হলেন শহিদুজ্জামান সরকার।