মোহাম্মদপুরের মাদক কারবারি বুনিয়া সোহেল গ্রেপ্তার

রাজধানী মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি ও সশস্ত্র গ্রুপের সন্ত্রাসী বুনিয়া সোহেলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট জেলার কোতয়ালী থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করে র‌্যাব-২ ও র‌্যাব-৯।

মোহাম্মদপুর থানার তিন হত্যা মামলা, অপহরণ, চাঁদাবাজি ও মাদকসহ ১৮টি মামলার আসামি এই বুনিয়া সোহেল। সোহেল জেনেভা ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের আব্দুস সালামের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ক্যাম্পটিতে গ্যাং কালচার চালু করেছেন।

বেশ কিছুদিন ধরে ‘চুয়া সেলিম’ ও ‘বুনিয়া সোহেল’ দুই গ্রুপের মধ্যে মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ চলছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।