হাজারীবাগে দুই ভবনের মাঝে পড়ে ছিলো নবজাতকের মরদেহ

রাজধানীর হাজারীবাগে জাফরাবাদ এলাকার দুই ভবনের ফাঁকা জায়গা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাতে দেহটি উদ্ধার করা হয়।

শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা উদ্ধারকারী পথচারী রিয়াজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নবজাতকটিকে পুলপার এলাকায় দুটি ভবনের মাঝে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে হাজারীবাগ থানা পুলিশকে খবর দেওয়া হয়।

তাদের সহযোগিতায় সেখান শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য নবজাতকের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।