রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মৃত্যু

রাজধানীর হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তৎক্ষণাৎ তার পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে তার বয়স ৫০ হতে পারে।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর হাজারীবাগ থানাধীন রায়েরবাজার মুক্তি সিনেমা হলের সামনে ১৪৬নং বাড়ির নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

ওই ভবনের কেয়ারটেকার মোহাম্মদ জসিম বলেন, নির্মাণাধীন ৮ তলা ভবনের ছাদ থেকে এক তলায় ছাদে পরে গিয়ে গুরুতর আহত হয় ওই ব্যক্তি। তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।