অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে কীটনাশক আমদানি, তদন্তের নির্দেশ

অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে কৃষি জমিতে ব্যবহার করা কীটনাশক আমদানির বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে এসব বিষয় তদারকিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারি হয়েছে।

সোমবার এক রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি আকরাম হেসেন চৌধুরী ও বিচারপতি রাশেদুজ্জামান রাজার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন।

কৃষি, বাণিজ্য, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব এবং এনবিআর চেয়ারম্যানকে ৬০ দিনের মধ্য এই বিষয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ প্রসঙ্গে রিটকারী আইনজীবী মো. সালেকুজ্জামান বলেন, এনবিআরের তথ্য অনুযায়ী বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের সভাপতির প্রতিষ্ঠান  মীমটেক্স এগ্রো কেমিক্যাল অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে বেশি কীটনাশক আমদানি করে। এরপর কোনো নিয়ম অনুসরণ না করে আমদানি করা এসব কীটনাশক বাজারজাতকরণ করা হচ্ছে।

এর ফলে মাধ্যমে কৃষি জমি ও  ফসলের মারাত্মক ক্ষতি হচ্ছে জানিয়ে তিনি বলেন, ২০২৫ সালের চার জানুয়ারি এ বিষয়ে পরবর্তী শুনানি হবে।