ফ্যাসিবাদ থেকে মুক্তির দাবি ডিবিসি’র সাংবাদিকদের

ফ্যাসিবাদ আওয়ামী লীগ দোসরদের হাত থেকে মুক্তি এবং তাদের বিচারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি করেছে নিউজ চ্যানেল ডিবিসি’র সাংবাদিকরা। 

রোববার বিকেলে রাজধানীর মহাখালী আহসান টাওয়ারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রতিষ্ঠানটির কর্মরত এবং সদ্য চাকরি হারানো সাংবাদিকরা।

এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার বিদায় নিলেও তাদের চিহ্নিত দোসররা ডিবিসি চ্যানেলে ফ্যাসিবাদের এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছেন। চ্যানেলটির জনপ্রিয় টকশো রাজকাহনের মাধ্যমে ফ্যাসিবাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন সাংবাদিক নাজনীন মুন্নি। দুর্নীতি দমন কমিশনের খড়গ এবং অন্য অপকর্ম থেকে চ্যানেলটির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী এবং সিইও মঞ্জুরুল ইসলামকে বাঁচাতে কাজ করে যাচ্ছেন কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিক। 

তারা জানান, ডিবিসি’র চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী ছিলেন ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা। চ্যানেলটির সিইও মঞ্জরুল ইসলাম হলেন একাধিক হত্যা মামলা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত আসামি। 

এসময় ফ্যাসিবাদ দোসরদের অপকর্ম বন্ধে কঠোর অবস্থান না নেওয়ায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও ক্ষোভ দেখান ডিবিসি চ্যানেলের সংবাদকর্মীরা।

অবস্থান কর্মসূচিতে ডিবিসি সাংবাদিকরা অভিযোগ করেন, তাদের চ্যানেলটি পুরোপুরিভাবে পরাজিত ফ্যাসিবাদী শক্তি দ্বারা নিয়ন্ত্রিত। 

তাদের দাবি, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সম্প্রতি চাকরি হারিয়েছে জয়েন্ট নিউজ এডিটর নাদিম মাহমুদ, সিনিয়র রিপোর্টার কাওসারা চৌধুরী কুমু, মাসুদুর রহমানসহ চার জ্যেষ্ঠ সাংবাদিক। তাদের অবিলম্বে কাজে ফেরানো এবং ফ্যাসিবাদ মুক্ত করতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন প্রতিষ্ঠানটির কর্মীরা। 

একই সঙ্গে দাবি মানা না হলে প্রতিষ্ঠানের সব বিভাগের কর্মীদের নিয়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

প্রতিবাদ ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, সাংবাদিক নাদিম মাহমুদ, মাসুদুর রহমান, রঞ্জু ইফতেখার, কাওসারা চৌধুরী কুমু প্রমুখ। অংশ নেন, ডিবিসিসহ বিভিন্ন গণমাধ্যমের অর্ধশতাধিক সংবাদকর্মী এবং ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতা।

এদিকে ডিবিসি থেকে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)

রোববার ডিইউজে এক বিবৃতিতে ৪৮ ঘণ্টার মধ্যে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি জানায়। একই সঙ্গে দাবি না মানলে বুধবার ডিবিসি কার্যালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দেয় সাংবাদিকের সংগঠনটি।