দেশ টিভির এমডি আরিফ দু’দিনের রিমান্ডে

হত্যাচেষ্টা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।

রোববার ঢাকার মহানগর হাকিম শাহিন রেজার আদালত তার জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আবু সাঈদ তার তিন দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে শুনানি করা হয়। আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করা হয়। এর পরে এ আদেশ দেন আদালত।

এর আগে শনিবার রাতে বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে ডিবি পুলিশের মিন্টু রোডস্থ কার্যালয় নেওয়া হয়। আরিফ হাসান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স- অ্যাটকোর নেতা।