দক্ষিণখানে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর দক্ষিণখানে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাইকের চালক।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে দক্ষিণখানের শহীদ নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল হাসান মাসুম (৩৮) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার দশ বাহা গ্রামের মো. ইব্রাহিম খলিলের ছেলে। তিনি দক্ষিণখানের ময়নার টেক এলাকায় থাকতেন। ইউনিলিভার ডিপুর পরিবহন সেক্টরে চাকরি করতেন মাসুম।

আহত হয়েছেন মোটরসাইকেলটির চালক মো. এনামুল হক ওয়াসির (৩৮)।

নিহতের বন্ধু হাসিবুল কবির সজিব জানান, সকালে দক্ষিণখানের ময়নার টেকের বাসা থেকে সহকর্মীর মোটরসাইকেলে পূবাইল উলখোলায় অফিসে (ডিপো) যাওয়ার পথে শহীদ নগর এলাকায় দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাসুমের মৃত্যু হয়।

আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। আহত ব্যক্তির চিকিৎসা চলছে।