রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের লাভলীন রেস্টুরেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় দুপুর ২টা ২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১০টা ৪৪ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
এরপর উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে তাদের সাথে আরো কয়েকটি ইউনিট যুক্ত হয়ে শেষ পর্যন্ত কাজ করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
বেলা ২টা ২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং তিনটায় আগুন পুরোপুরি নির্বাপণ হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম।
তিনি জানান, আমরা ভবনটি থেকে সাত জনকে জীবিত উদ্ধার করেছি। এরমধ্যে এক জন গুরুতর আহত ছিলেন, তাকে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ওই ভবনের নিচতলার রেস্টুরেন্টের গ্যাসে লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে। ভবনটিও ছিলো ঝুঁকিপূর্ণ। এতে কোনো ফায়ার সেফটি ছিলো না।