ভাটারায় ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর ভাটারায় ভবন থেকে পড়ে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর আলম (৩০) চাঁদপুরের কচুয়া উপজেলার চাপাতলি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি বর্তমানে তেজগাঁওয়ের বেগুন বাড়ি এলাকায় থাকতেন।

দুর্ঘটনার পর নুর আলমকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মোফাজ্জল হোসেন জানান, নুর আলম পেশায় লোড, আনলোড কন্টেক্টার। সকালে ভাটারার  পপুলার গলির বি-ব্লকের ২২ নম্বর রোডে একটি ১২ তলা ভবনের ছাদে এসি ওঠানোর সময় উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।