নতুন বছরের শুরুতেই ঢাকায় জেঁকে বসবে শীত

গেলো বছরের চেয়ে এবার শীতের তীব্রতা বেশি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ঢাকায় পুরোপুরি শীত জেঁকে বসবে বলে পূর্বাভাস দেয়া হচ্ছে। এদিকে শীত বাড়ার আশংকায় রাজধানীতে বেড়েছে শীতের পোশাক বিকিকিনি।

কয়েক দিন ধরে মেঘলা ছিলো আকাশ। উপকূলীয় অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছিলো। কিন্তু রোববার বঙ্গোপসাগরে নিম্নচাপ রূপ নিয়েছে সুস্পষ্ট লঘুচাপে। রাজধানীতে উঁকি দিয়েছে সূর্যও। তাই সাগরের সমুদ্রবন্দরে জারি করা সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এ অবস্থায় তাপমাত্রা কমে রোববার ও সোমবার সারাদেশের শীতের প্রকোপ বাড়তে পারে বলে। এছাড়াও মঙ্গলবার থেকে আবারও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে তারা।

রোববার, আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পূর্ব-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে শনিবার সন্ধ্যা ০৬টা থেকে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে সাগরে অবস্থান করছে।

আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানিয়েছেন, নিম্নচাপ ক্রমান্বয়ে দুর্বল হয়ে সাগরে মিশে যাচ্ছে। পরবর্তী দুইদিন শীত কিছুটা বেড়ে যাবে। এছাড়াও মঙ্গলবার ও বুধবার বজ্রসহ বৃষ্টি হতে পারে৷ বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

winter1

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে ও শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। এ সময় ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ চললেও, চলতি মাসে ঢাকায় শৈত্য প্রবাহের শঙ্কা নেই বলছে আবহাওয়া অফিস। বছরের শেষ দিনগুলোতে তাপমাত্রা এমনই থাকবে। ২৪ তারিখে পর থেকে ঢাকায় রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। তবে উত্তরাঞ্চলে মৃদু শৈত্য প্রবাহ থাকবে। কোন কোন জেলায় এর তীব্রতা বাড়তে থাকবে।

আবহাওয়াবিদরা বলছেন, নতুন বছরের শুরুতে জেঁকে বসবে শীত। গেলো বছরের তুলনায় এ বছরে শীত বাড়তে পারে।  এদিকে শীত বাড়ার আশংকায় রাজধানীতে জমে উঠেছে শীতের পোশাকের কেনাকাটা।  শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে বিক্রি আরো বাড়বে, বলছেন দোকানিরা।