প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু

খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ। এই ধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট ২৫ ডিসেম্বর বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ছয়টায় রাজধানীর তেজগাঁও হলি রোজারি চার্চে প্রধান যাজক,   ফাদার জয়ন্ত এস গমেজ প্রার্থনার মধ্য দিয়ে এ  উৎসব শুরু করেন।

শুরুতে প্রার্থনায় যিশুর মহিমাকীর্তন এবং ইউক্রেন-রাশিয়া, ইসরাইল-ফিলিস্তিন, সিরিয়াসহ সারাবিশ্বের সব যুদ্ধ বন্ধ ও বিশ্বশান্তি  কামনা করা হয়।

পাশাপাশি পরিবর্তিত বাংলাদেশের স্থিতিশীলতা ও উন্নতি কামনায় প্রার্থনা করা হয়।  শান্তি ও ন্যায়ের কথা বলা হয়।

বড়দিন উপলক্ষে দেশে বিভিন্ন গির্জা,পাঁচ তারকা হোটেল ও বাসায় ক্রিসমাস ট্রি ও যিশুর জন্মস্থল বেথেলহেমের গোয়ালঘরটির অনুসরণে  ঘর সাজিয়ে প্রার্থনা করা হয়। কেক-পিঠা বানিয়ে স্বজনদের আমন্ত্রণ, নিজেরা বেড়ানোর মধ্য দিয়েও চলে উদযাপন।