মেট্রোরেল এলাকায় ফানুস না ওড়ানোর অনুরোধ

রাজধানীর বুক চিড়ে যে সব এলাকার উপর দিয়ে মেট্রোরেল চলাচল করছে, সেসব এলাকায় ফানুস না ওড়ানোর জন্য নগরবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট, কর্তৃপক্ষ। 

সোমবার সন্ধ্যা ছয়টার পর, মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানিয়েছে। 

কোম্পানিটি বলেছে, মেট্রোরেল লাইনে থাকা বিদ্যুতের লাইনে ফানুস আটকে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর এ অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমআরটি লাইন ৬-এর রুট অ্যালাইনমেন্ট ও পার্শ্ববর্তী এলাকায় থার্টি ফাস্ট নাইট এবং ইংরেজি নতুন বছর উদযাপন উপলক্ষ্যে ফানুস বা অনুরূপ কোনো বস্তু না ওড়ানোর অনুরোধ করা হচ্ছে।

অর্থাৎ, উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল স্টেশন রুট ও তার পার্শ্ববর্তী এলাকায় ফানুস না ওড়ানোর অনুরোধ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তরা উত্তর হতে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল অব্যাহত আছে। প্রতিদিন প্রায় সাড়ে তিন লক্ষ যাত্রী এই রুটে মেট্রোরেলের সেবা গ্রহণ করছেন। 

উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক লাইন ব্যবহার করে প্রতিদিন মেট্রোরেল চলাচল করে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, থার্টি ফার্স্ট নাইট এবং ইংরেজি নতুন বছর উপলক্ষ্যে ফানুস বা অনুরূপ কোনো বস্তু ওড়ানো হলে এ বস্তু অথবা এর অবশিষ্টাংশ উচ্চ ক্ষমতাসম্পন্ন এই বৈদ্যুতিক লাইনে জড়িয়ে যে কোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনা ঘটাসহ মূল্যবান প্রাণ ও সম্পদহানির আশঙ্কা রয়েছে।

ফানুস বা অনুরূপ কোনো বস্তু ওড়ানোর ফলে কোনো দুর্ঘটনা ঘটলে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদ্যমান আইনের আওতায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত বছর থার্টি ফার্স্ট উদ্‌যাপন উপলক্ষে ওড়ানো কয়েকশ’ ফানুস বা এর অংশ বিশেষ মেট্রোরেল লাইনের তারে, খুঁটিতে আটকে ছিলো। এতে দুই ঘণ্টার মতো মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পুলিশের পক্ষ থেকে ফানুস না ওড়ানোর নির্দেশনা দেওয়া হলেও তা মানা হয়নি।

ঢাকার মেট্রোরেল পুরোপুরি বিদ্যুৎচালিত। ঝুলন্ত তারের সঙ্গে ট্রেনের সংযোগের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন হয়। এ ব্যবস্থায় ফানুস, ঘুড়ি, কাপড় কিংবা এ জাতীয় বস্তু আটকে গেলে বিদ্যুৎ পরিবহন বাধাগ্রস্ত হয়, যা থেকে মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটাতে পারে।