খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় জড়িত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজধানীর কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের খালেদা জিয়ার নির্বাচনী গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি আবুল হাসান নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে রাজধানীর মনিপুরি পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। 

থানা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণা চলছিলো। সেই নির্বাচনী প্রচারণায় বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে অংশগ্রহণ করেন খালেদা জিয়া। সেই প্রচারণার গাড়িবহরে হামলার ঘটনায় গত ২২ আগস্ট তেজগাঁও থানায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি ছিলেন আবুল হোসেন।

আরও জানা যায়, আবুল হাসান তেজগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি। তার বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু আছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়।