দেশে এনে কিংবা ভারতে গিয়ে হলেও পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে চায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর রাওয়া ক্লাবে কমিশনের সাথে পিলখানায় হত্যাকাণ্ডের শিকার কর্মকর্তাদের পরিবারের মতবিনিময়ে একথা জানান কমিশন প্রধান আ ন ম ফজলুর রহমান।
তিনি বলেন, এটি বিডিআর বিদ্রোহ ছিলো না। ষড়যন্ত্রের মাধ্যমে সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। যাতে করে বাহিনীগুলো ও দেশ দুর্বল হয়। এর সাথে দেশী ও বিদেশি চক্র জড়িত ছিলো। সেদিন সেনাবাহিনী বসে না থেকে পিলখানায় প্রবেশ করলে এমন হত্যাযজ্ঞ সম্ভব হতো না। কেনো যায়নি, এর পেছনে কারা ছিলো তা তদন্ত করে আনা হবে।
কমিশন প্রধান ফজলুর রহমান জানান, পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে চলমান মামলাগুলো নিয়েও তারা কাজ করতে চান তারা। এনিয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দেয়া হয়েছে। মঙ্গলবার বিজিবি সদরদপ্তরে অফিস পাবেন তারা। আর বুধবার থেকে কাজ শুরু করবেন।
এসময় পিলখানায় হত্যাকাণ্ডের শিকার কর্মকর্তাদের পরিবারের সদস্যদের কাছে তথ্য চেয়ে সহযোগিতা চান তিনি। তারাও কমিশনকে সহায়তার আশ্বাস দেন।