বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর গুলি চালানো ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে কড়া নিরাপত্তায় তাকে ট্রাইব্যুনালে নেয়া হয়।
প্রসিকিউশনের আবেদনের শুনানি নিয়ে গত ১ জানুয়ারি ট্রাইব্যুনাল তাকে হাজিরের নির্দেশ দিয়েছিলো। সেদিন প্রসিকিউশনের পক্ষে বি এম সুলতান মাহমুদ শুনানি করেন। সুজন হোসেনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
মামলার বরাতে সুলতান মাহমুদ গণমাধ্যমকে জানান, গত বছরের ৫ আগস্ট বেলা ১১টায় রাজধানীর চানখারপুলে বোরহানউদ্দিন কলেজের পাশে কনস্টেবল সুজন হোসেনকে কখনও দাঁড়িয়ে বা কখনও শুয়ে ছাত্র-জনতার ওপর গুলি করতে দেখা গেছে, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ছাত্র-জনতার ওপর গুলি চালানোর মামলায় তাকে আদালতে হাজির করা হয়েছে।
এর প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে আজ তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়।
আগামী ২৩ জানুয়ারি উক্ত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।