চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে আবারও অবস্থান কর্মসূচি পালন করছেন পুলিশের ৪০তম ব্যাচের অব্যাহিত পাওয়া শিক্ষানবিস ক্যাডেট সাব ইন্সপেক্টররা (এসআই)।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে আব্দুল গনি রোডে সচিবালয়ের এক ও দুই নম্বর গেটের বিপরীত পাশে অবস্থান নিয়েছেন তারা।
এসময় তারা দাবি জানান, ৪৩তম বিসিএসে গেজেট বাদ পড়াদের যেহেতু পুর্নবিবেচনা করা হচ্ছে তাদেরও সেই সুযোগ দেওয়া হোক।
দাবি আদায় না হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার ঘোষণাও দেন বঞ্চিতরা।
তারা বলেন, এর আগে গেলো সপ্তাহে সচিবালয়ে স্বরাষ্ট্র সচিব নামিমুল গনির সঙ্গে দেখা করে আশ্বাস মিললেও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি কতৃপক্ষ।
অবস্থান কর্মসূচিতে আসা কয়েকজন বলেন, খুবই তুচ্ছ অভিযোগে আমাদের অব্যাহতি দেওয়া হয়েছে। পুলিশ একাডেমি সারদার ইতিহাসে একসঙ্গে এতো মানুষের অব্যাহতি দেওয়ার ঘটনা নজিরবিহীন। আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক।
তারা বলেন, আমরা এক বছর অনেক ত্যাগ স্বীকার করে প্রায় বিনা বেতনে ট্রেনিং করেছি। যখন চাকরিতে নিয়মিত হবো, তখনই আমাদের বাদ দেওয়া হলো। এর থেকে কষ্টের আর কিছু হতে পারে না।
চলমান ব্যাচের পাসিং আউটের আগেই রাজশাহীর সারদায় প্রশিক্ষণে থাকা ৩২১ জন ক্যাডেট এসআইকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চার দফায় বাদ দেওয়া হয়।
বাদ পড়া ক্যাডেট এসআইদের দাবি, শৃঙ্খলাভঙ্গের যে অভিযোগ তাদের বিরুদ্ধে তোলা হয়েছে সেটা সঠিক ছিল না।