ছেলেকে ডাক্তার দেখাতে এসে সড়কে প্রাণ গেলো বাবার

রাজধানীতে ছেলেকে ডাক্তার দেখাতে এসে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ ছেলেসহ আহত হয়েছেন চার জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেটে এই সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম আদম আলী (৫৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার জেলার নবীনগর উপজেলায় মুক্তা রামপুরের বাসিন্দা ছিলেন।

আহত অন্যরা হলেন- ছেলে সাকির আলী (১৬), জামাই শাখাওয়াত হোসেন (৩৫) ও ভাতিজা নবী হোসেন ও সিএনজিচালিত অটোরিকশার চালক।

ভাতিজা মাসুম জানান, সাকির কিছু দিন যাবত অসুস্থ। তাকে ঢাকার ধানমন্ডির একটি হাসপাতালে ডাক্তার দেখানো ও কিছু পরীক্ষা করানো হয়। সেখান থেকে তারা অটোরিকশায় করে অন্য একটি হাসপাতালে যাচ্ছিলেন। আসাদগেট এলাকায় এলে পেছন থেকে একটি গাড়ি তাদের ধাক্কা দেয়। এতে তাদের গাড়িটি উল্টো সবাই আহত হন। পরে তাদের সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত আদম আলীকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভোর সাড়ে চারটার দিকে তার মৃত্যু হয়। মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। 

তিনি আরও জানান, অটোরিকশায় থাকা অপর আহতদের মধ্যে দুই জন পঙ্গু হাসপাতালে ও একজন সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন। সিএনজির চালককেও হাসপাতালে নেওয়া হয়েছে।