রাজধানীর হাজারীবাগ এলাকায় ছাত্রী হোস্টেল থেকে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জানুয়ারি) দিনগত রাত তিনটার দিকে হাজারীবাগ ৭/এ রোডের ৯১/কে নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম পুষ্পিতা বিশ্বাস (২১)। তিনি ইডেনের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
পুষ্পিতা জামালপুরের সদর উপজেলার বসাক পাড়া গ্রামের রঞ্জিত বিশ্বাসের মেয়ে।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক মো. জব্বার জানান, ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ছিলো পুষ্পিতার মরদেহ। ওই হোস্টেলটিতে ১৬ জন থাকতেন। সবার সাথে কথা বলা হচ্ছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উপ-পরিদর্শক আরো জানান, দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।