যানজট নিরসনে বিজয় সরণি মোড়ের এক পাশে গাড়ি চলাচল বন্ধ করেছে ট্র্যাফিক বিভাগ। বিশেষ বিশেষ পয়েন্টে রাস্তার মোড়ের গাড়ির চাপ কমাতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) থেকে কার্যকর হওয়া নতুন নির্দেশনা অনুযায়ী মোহাম্মদপুর, ধানমন্ডি, খেজুরবাগান, মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখী যানবাহনগুলো প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রবেশ গেটের আগে ডানে মোড় নিয়ে আগারগাঁও লিংক রোড আগারগাঁও লিংক রোড, বিআইসিসি মোড় কিংবা আগারগাঁও ক্রসিং হয়ে গন্তব্যে দিকে যাচ্ছে।
শনিবার অনেকে নতুন এ নিয়মে না জানায় ভোগান্তিতে পড়েন। এছাড়া পুলিশ সদস্যদেরও মাইকিং করে পরিস্থিতি সামাল দিতে হয়। রোববার তাই পথচারী ও যানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
গত বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির ট্র্যাফিক বিভাগ মানিক মিয়া অ্যাভিনিউ ও তেজগাঁও শিল্পাঞ্চলের শহীদ তাজউদ্দিন আহমেদ অ্যাভিনিউসহ বিভিন্নস্থানে যান চলাচল নিয়ন্ত্রণের ফলে যানজট কমেছে। যার সুফল ইতোমধ্যে জনসাধারণ পেতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বিজয় সরণি ক্রসিংয়ের চারপাশের রাস্তায় সৃষ্ট যানজট কমাতে শনিবার থেকে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জাহাঙ্গীর গেট থেকে আসা মোহাম্মদপুর, ধানমন্ডি, খেজুর বাগান, মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখী যানবাহন বিজয় সরণি থেকে ডানে মোড় নিতে পারবে না। এসব যানবাহন প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রবেশ গেটের আগে ডানে মোড় নিয়ে আগারগাঁও লিংক রোডে উঠবে এবং বিআইসিসি মোড় অথবা আগারগাঁও ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছবে।