সিরাজগঞ্জে বিএনপি নেতাকর্মীদের হত্যা চেষ্টা মামলায় সিরাজগঞ্জ-৩ আসনের (রায়গঞ্জ-তাড়াশ) সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল এবং মিডিয়া উইংসের সহকারী পরিচালক সহকারী পুলিশ কমিশনার (এএসপি) মো. আল আমিন জানান, সিরাজগঞ্জ-৩ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজের বিরুদ্ধে সিরাজগঞ্জের তাড়াশ থানার হত্যাচেষ্টা মামলায় রয়েছে। ওই মামলায় রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ ঘটনায় তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ বাদি হয়ে আব্দুল আজিজসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলা দায়ের করেন।