চাকরিতে পুনর্বহাল, জেলবন্দিদের মুক্তি, বিস্ফোরক মামলা বাতিল ও তদন্ত কমিশন পুনর্গঠনসহ আট দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যসহ ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনরা। এদিকে দাবি আদায়ে সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
মঙ্গলবার সকাল থেকে শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অবস্থান নিয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল এবং কারাবন্দিদের মুক্তিসহ আট দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে। এই কর্মসূচির আয়োজন করেছে বিডিআর কল্যাণ পরিষদ।
বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি ফয়জুল করিম সবুজ বলেন, প্রয়োজনে রক্ত দেবো, তারপরও চাকরি ফেরত ও জেলবন্দিদের মুক্ত করে ঘরে ফিরবো। আমাদের অধিকার ফেরত না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।
এদিকে আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার বলেন, বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টার মধ্যে দাবি আদায়ে সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক বার্তা না আসলে আমাদের আন্দোলন আরও তীব্র হবে।
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের আট দফা দাবি-
১. পিলখানার ভেতরে ও বাইরে ১৮টি বিশেষ আদালত ও অধিনায়কের সামারি কোর্ট গঠন করে যেসব বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। একইসঙ্গে তাদের ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
২. এরইমধ্যে হত্যা মামলায় খালাসপ্রাপ্ত এবং সাজা শেষ হওয়া কারাবন্দি বিডিআর সদস্যদের অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। এছাড়া উদ্দেশ্যপ্রণোদিত বিস্ফোরক মামলা বাতিল করতে হবে।
৩. গঠিত কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লিখিত ব্যতীত শব্দ এবং কার্যপরিধি ২ এর (ঙ) নং ধারা বাদ দিতে হবে। একইসঙ্গে স্বাধীন তদন্ত রিপোর্ট সাপেক্ষে অন্যায়ভাবে দণ্ডিত নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি দিতে হবে। পিলখানা হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটন, মূল ষড়যন্ত্রকারী, হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
৪. পিলখানায় শহীদ ৫৭ সেনা কর্মকর্তা, ১০ জন বিডিআর সদস্যসহ সর্বমোট ৭৪ জনের হত্যাকারীর বিচার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে কারাগারে মারা যাওয়া সব বিডিআর সদস্যের মৃত্যুর সঠিক কারণ উন্মোচন করতে হবে। অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকলে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।
৫. পিলখানা হত্যাকাণ্ডে অন্যায়ভাবে চাকুরিচ্যুত সেনা কর্মকর্তাদের পূণর্বাসন করতে হবে।
৬. শহীদ সেনা কর্মকর্তাদের লাশ পুনঃতদন্তের মাধ্যমে সঠিকভাবে শনাক্ত করার ব্যবস্থা করতে হবে।
৭. স্বাধীনতা-সার্বভৌমত্বের গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণকারী বিডিআর নাম ফিরিয়ে আনতে হবে।
৮. পিলখানার হত্যাকাণ্ডে সব শহীদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা করতে হবে। একইসঙ্গে শহীদদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।