সাবেক মেয়র আতিকসহ ছয় জন কারাগারে

জুলাই আন্দোলনের রাজধানীর উত্তরায় সংগঠিত হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ছয় আওয়ামী লীগ নেতা কর্মীকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ৯ মার্চ এই আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

এর আগে আজই প্রথম সাবেক মেয়র আতিকুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বেলা পৌনে একটায় তাকে হাজির করার পর শুনানি শুরু হয়।

সাবেক মেয়রের জন্য কিছুটা দেরিতে শুরু হওয়া শুনানিতে প্রসিকিউশন জানায়, জুলাই আন্দোলনে উত্তরায় সংগঠিত সহিংসতার ভিডিও দেখে সরাসরি জড়িত  এই পাঁচ আওয়ামী লীগ নেতাকে আসামি করা হয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন রাজধানীর যেসব স্থানগুলো পুরো জুলাই মাস জুড়ে উত্তাল ছিলো তার মধ্যে অন্যতম রাজধানীর উত্তরা। কোটাবিরোধী আন্দোলন থেকে শুরু করে  সরকার পতনের এক দফা দাবি বাস্তবায়ন পর্যন্ত উত্তরা এলাকায় সোচ্চার ছিলো ছাত্র-জনতা। এই আন্দোলন দমনে নির্বিচারে গুলি চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগও মাঠে সক্রিয় ছিলো।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম অভিযোগ করেন, আতিকের ইন্ধন ছিলো সহিংসতায়। তার ইন্ধনে ছাত্র-জনতার আন্দোলন দমনে বেপরোয়া হয়ে ওঠে আওয়ামী লীগ,  ছাত্রলীগ, যুবলীগসহ অন্যান্য পেটোয়া বাহিনী।

এদিকে কাঠপড়ায় পুরোটা সময় নিশ্চুপ ছিলেন সাবেক মেয়র আতিক। আধাঘণ্টার শুনানি শেষে ট্রাইব্যুনাল আতিকসহ অন্যান্য আসামিদের মানবতা বিরোধী অপরাধ মামলায়  গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়।

মিজানুল ইসলাম জানান, জুলাই গণঅভ্যুত্থানে উত্তরার বিভিন্ন থানায় এসব আসামিদের বিরুদ্ধে  ১৬টি মামলা রয়েছে।