মামুনকে জিজ্ঞাসাবাদের অনুমতি, বাকিদের তদন্ত ২ মাসের মধ্যে শেষের নির্দেশ

জুলাই-আগস্টের আন্দোলন দমনে ছাত্র-জনতার ওপর হেলিকপ্টার দিয়ে গুলি চালানোর ঘটনার সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে জুলাই আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায়  সাবেক আইজিপি ও সাবেক সেনা কর্মকর্তাসহ ৮ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের বিরুদ্ধে তদন্ত শেষ করতে দুই মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এ আদেশ দেন। এই মামলার  পরবর্তী শুনানি ২৮ এপ্রিল ধার্য করা হয়েছে।

এদিকে শেখ হাসিনার সরকারের আমলে গুমের ঘটনায় দায়ের করা অপর দুই আবেদনের প্রেক্ষিতে র‌্যাবের সাবেক কর্মকর্তা মহিউদ্দিন ফারুকী ও আলেপ উদ্দিনের বিরুদ্ধে তদন্ত শেষ করতে তিন মাস সময় দেয়া হয়েছে। আলেপ উদ্দিনকে তদন্ত সংস্থার হেফাজতে নিয়ে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর শুনানিতে তাজুল ইসলাম আদালতকে জানান, গুম, টর্চারিংসহ গুরুতর অভিযোগ রয়েছে সাবেক এসপি মহিউদ্দিন ফারুকী ও এডিশনাল এসপি আলেপ উদ্দিনের বিরুদ্ধে।

আলেপ উদ্দিনের বিরুদ্ধে ক্রসফায়ারের ভয় দেখিয়ে গুম হওয়া ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের অভিযোগও রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী শুনানির দিন ২৮ মে নির্ধারণ করা হয়েছে।