খিলগাঁওয়ে স-মিলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে আট ইউনিট

রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের পাশে একটি স-মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।
 
শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমে বলেন, আজ রাত সাড়ে সাতটার দিকে আমাদের কাছে সংবাদ আসে খিলগাঁওয়ে দুতলা একটি স-মিলে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট যায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি বলেও জানান তিনি।  

এ বিষয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন গণমাধ্যমকে জানান, তালতলা মার্কেটের পাশে স-মিলের সঙ্গে গাড়ির গ্যারেজে (ওয়ার্কশপ) আগুনের ঘটনা ঘটেছে। পরে বিকট আকারে কয়েকটি শব্দ হয়। ধারণা করা হচ্ছে গ্যারেজে থাকা মালামাল ও যন্ত্রপাতি বিস্ফোরিত হয়েছে।