দারুস সালামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার দুই

রাজধানীর দারুস সালাম এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে দারুস সালাম থানা পুলিশ ও যৌথবাহিনী। পুলিশ বলছে, তারা দুজন দুর্ধর্ষ ডাকাত দলের সদস্য।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা দিকে দারুস সালাম থানাধীন বসুপাড়ার একটি বাসায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তাররা হলেন- মো. সাকলাইন খান তামিম (২২) ও মো. আব্দুল্লাহ নয়ন (২৪)। 

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ছয়টি লোহার ছুরি, তিনটি লোহার চাপাতি, একটি সুইচ গিয়ার, একটি হাতুড়ি, একটি লোহার দা ও একটি স্টিলের ছিদ্রযুক্ত ধাতব নাকেল উদ্ধার করা হয়েছে।

থানা সূত্র জানিয়েছে, গ্রেপ্তাররা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির পরিকল্পনার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে দারুস সালাম থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।