রাজধানীর খিলক্ষেতে ধর্ষণে অভিযুক্ত এক তরুণকে পিটিয়ে আহত করেছেন স্থানীয়রা। আটক করে থানায় নেয়ার সময় পুলিশের গাড়িতে হামলা করে এ ঘটনা ঘটায় বিক্ষুব্ধ জনতা। এতে থানার ওসি আশিকুর রহমানসহ কয়েকজন পুলিশ সদস্যও আহত হন।
আহত পুলিশ সদস্যদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত তরুণকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
খিলক্ষেত থানার পুলিশ জানায়, মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে এক যুবককে মারধর করছিলেন স্থানীয়রা। খবর পেয়ে তারা অভিযুক্ত তরুণকে আটক করে থানায় নিয়ে আসছিলো।
বাজার এলাকায় স্থানীয় কয়েকশ’ লোকজন তাদের ওপর অতর্কিতে হামলা চালান। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এতে পুলিশ সদস্য ও গাড়িতে থাকা অভিযুক্ত তরুণ গুরুতর আহত হন।
বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) সমন্বয়ক সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, ধর্ষণের শিকার হওয়া ছয় বছরের শিশুটির শরীরে ‘ধর্ষণের আলামত’ পাওয়া গেছে।
এদিকে শিশুটিকে ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার হওয়া কিশোরের অবস্থাও শঙ্কামুক্ত বলছেন না ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।
এ ঘটনায় ধর্ষণের অভিযোগে একটি এবং পুলিশের উপর হামলার অভিযোগে পৃথক আরেকটি মামলা হয়েছে বলে জানিয়েছেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।