ঢাকায় জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রথম নামাজ ঈদের দিন সকাল সাড়ে আটটায় শুরু হবে। এবার এক জামাতে ৩৫ হাজারের বেশি মানুষ এক সঙ্গে নামাজ আদায় করতে পারবেন।
শনিবার (২৯ মার্চ) সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া।
নিরাপত্তার কোনো হুমকি নেই উল্লেখ করে তিনি জানান, তবে বৈরি পরিবেশ থাকলে ঈদের দিন সকাল ৯টায় বাইতুল মোকাররম মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হবে।
এদিকে পবিত্র ঈদুল ফিতরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। এক ঘণ্টা পরপর প্রথম চারটি জামাত অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে ৪৫ মিনিট পরে।
বুধবার (২৬ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে জানায়, ঈদের প্রথম জামাত হবে সকাল সাতটায়। দ্বিতীয় জামাত হবে সকাল আটটায়। সকাল ৯টায় অনুষ্ঠিত হবে তৃতীয় জামাত। চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। পঞ্চম ও সর্বশেষ জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।