মঙ্গলবার সাত ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

রাজধানীর মিরপুরের ১৪ নম্বর প্রিন্স বাজারের কাছের সড়‌কে নবনির্মিত গ্যাস পাইপলাইনের টাই-ইন কার্যক্রম সম্পন্ন করা হবে। এজন্য মঙ্গলবার দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত অর্থাৎ, সাত ঘণ্টা শতাব্দী সিএনজি, এমবিএম গার্মেন্টসের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (২৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, আগামী ২৯ এপ্রিল মঙ্গলবার দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট সাত ঘণ্টা মিরপুর-১৪ এ অবস্থিত প্রিন্স বাজার সংলগ্ন সড়‌কে নবনির্মিত গ্যাস পাইপ লাইনের টাই-ইন কার্যক্রম সম্পন্নের জন্য শতাব্দী সিএনজি, এমবিএম গার্মেন্টসের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া ঢাকা ক্যান্টনমেন্ট, মহাখালী ডিওএইচএস, শাহীনবাগ, আরজতপাড়া, নাখালপাড়া ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।