মেরাদিয়ায় পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার মেরাদিয়ায় কোরবানির জন্য পশুর হাট বসানোর বিজ্ঞপ্তি বাতিল করেছেন হাইকোর্ট। এ কারণে এবার পশুর হাট বসানো যাবে না।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিচারপতি জিনাত আরা হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে করা রিটের শুনানি করে এই আদেশ দেন।

চলতি বছরের কোরবানির জন্য পশুর হাটের জন্য মেরাদিয়া এলাকা নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পশুর হাট বাতিল চেয়ে মেরাদিয়া আবাসিক এলাকার পক্ষে হাইকোর্টে রিট করা হয়।

রিটের শুনানিতে আইনজীবী বলেন, আবাসিক এলাকার ভেতরে আইনগতভাবে পশুর হাট বসানোর সুযোগ নেই। এতে জনসাধারণের স্বাভাবিক চলাফেরা ব্যাহত হবে। তাই হাট বসানোর সিদ্ধান্ত বাতিল করার আদেশ চান। হাইকোর্ট আবাসিক এলাকা বিবেচনায় নিয়ে মেরাদিয়া পশুর হাটের বিজ্ঞপ্তি বাতিল করে দেন।

রিটকারীর আইনজীবী ব্যারিস্টার খুররম শাহ মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।