লন্ডনে চিকিৎসা শেষে সকাল সাড়ে ১০টার দিকে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এ উপলক্ষ্যে দলীয় নেতাকর্মীদের বিপুল উপস্থিতির আশঙ্কায় ঢাকা মহানগরীতে জনসমাগম ও যান চলাচলে প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে, সুষ্ঠু ট্র্যাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য নাগরিকদের জন্য বেশ কিছু নির্দেশনা জারি করা হয়েছে।
সোমবার (৫ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফেরাকে কেন্দ্র করে সড়কে যানজট সৃষ্টি হতে পারে। এ উপলক্ষ্যে সাধারণের যান চলাচলে নিম্ন নির্দেশনা মানার অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপির নির্দেশনাগুলো হলো:
ফুটপাতে অবস্থান: সকাল থেকে দুপুর পর্যন্ত গুলশান-বনানী থেকে বিমানবন্দর সড়কে অবস্থান না করে ফুটপাতে দাঁড়ানোর অনুরোধ জানানো হয়েছে। দলীয় নেতাদের স্বেচ্ছাসেবক মোতায়েন করে এই বিষয়ে সহায়তার আহ্বান জানানো হয়েছে।
বিকল্প রুট ব্যবহারের আহ্বান: কামারপাড়া-ধউর ব্রিজ-পঞ্চবটি-মিরপুর বেড়িবাঁধ-গাবতলী রুট, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, হাউজ বিল্ডিং-জমজম টাওয়ার-মেট্রোরেল উত্তর স্টেশন-মিরপুর ডিওএইচএস, গুলশান-১/পুলিশ প্লাজা-মহাখালী র্যাম্প হয়ে এক্সপ্রেসওয়ে, মহাখালী থেকে ময়মনসিংহ/টাঙ্গাইলগামী যানবাহনের জন্য গাবতলী রুট, এক্সপ্রেসওয়েতে চলাচলকারী যানবাহনের জন্য বনানী-কাকলী র্যাম্পের পরিবর্তে মহাখালী/এফডিসি র্যাম্প ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
সেনানিবাসের রাস্তা: সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত হালকা যানবাহনের জন্য জিয়া কলোনী-জাহাঙ্গীর গেট-সৈনিক ক্লাব-স্টাফ রোড খোলা থাকবে।
সিএনজি ও মোটরসাইকেল চলাচল: এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্দিষ্ট গতিসীমা ও লেন মেনে চলতে পারবে। ট্র্যাফিক পুলিশ থাকবে কঠোর নজরদারিতে।
রেল ব্যবস্থাপনা: টঙ্গি, এয়ারপোর্ট ও তেজগাঁও স্টেশনে আন্তঃনগর ট্রেনগুলো দুই মিনিট করে থামবে। কমলাপুর-টঙ্গী রুটে চলবে অতিরিক্ত শাটল ট্রেন।
যাত্রীদের পরামর্শ: হজযাত্রী, বিদেশগামী যাত্রী ও এসএসসি পরীক্ষার্থীদের যথেষ্ট সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ করা হয়েছে।
মেট্রোরেল ব্যবহার: মিরপুর ও উত্তরা এলাকার বাসিন্দাদের মেট্রোরেল ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি।
অভ্যর্থনাকারীদের নির্দেশনা: ব্যাগ, লাঠি বহন নিষেধ। কোনও যানবাহন দিয়ে গাড়ি বহরে যুক্ত হওয়া যাবে না। মোটরসাইকেল নিয়ে জনতার ভেতরে চলাচল নিষিদ্ধ। ডিএমপি অনুরোধ করেছে সবার সহযোগিতায় এদিনের নিরাপত্তা ও ট্র্যাফিক ব্যবস্থাপনা সফলভাবে সম্পন্ন করতে তাদের সহায়তা করার জন্য।