নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি

নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে কুসংস্কার সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন বিভিন্ন নারী বিষয়ক সংগঠন।

শুক্রবার (১৬ মে) বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘নারীর ডাকে মৈত্রীযাত্রা’র ব্যানারে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, শিক্ষক, সংস্কৃতিকর্মী, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এ সমাবেশে। পরে এক প্রতিবাদী র‍্যালির মধ্যে দিয়ে শেষ হয় সমাবেশ।

women4

অনুষ্ঠানস্থলে দেখা যায় প্রতীকী লাঠি। এ লাঠি প্রতীকী হলেও তা নারীর শক্তির জানান দিচ্ছিলো! রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সমতার দাবিতে নারীর ডাকে মৈত্রী যাত্রার ব্যানারে বিকালে যে সমাবেশের আয়োজন -সেখানে পাহাড় থেকে সমতল সব শ্রেণি-পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেয়।

women1

গানে গানে, কখনও আবার নাচে কিংবা কবিতার ভাষায় নিজেদের অধিকারের কথা স্মরণ করিয়ে দেন অংশগ্রহণকারীরা। স্লোগানেও ছিলো প্রতিবাদী সুর।

ঘোষণাপত্রে সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে কুসংস্কার সৃষ্টিকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। সম-অধিকার প্রতিষ্ঠায় বাধা সৃষ্টিতে একটি পক্ষ অধিকারকে ধর্মের বিপরীতে দাঁড় করানোর চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়।

women3

পরে বিভিন্ন ব্যানার ফ্যাস্টুন হাতে প্রতিবাদী শোভাযাত্রা মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ইন্দিরা রোডের দিকে যাত্রা শুরু করে। স্লোগানে স্লোগানে নিজেদের অধিকার ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুংকার দেন অংশগ্রহণকারীরা।

women2

মিছিলটি ইন্দ্রিরারোড ঘুরে আবার মানিক মিয়া অ্যাভিনিউতে এসে শেষ হয়।