অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর তেজগাঁওয়ের ছয়টি থানা এলাকায় অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগ।
বৃহস্পতিবার (৫ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ- কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গতকাল বুধবার বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, তদন্তাধীন মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি, মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চোর, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানের সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং থানার অফিসার ইনচার্জদের তত্ত্বাবধানে তেজগাঁও বিভাগের ছয়টি থানার নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।