রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে গুম ও হত্যার অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীসহ ৬২ জনের নাম উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেয়া হয়েছে।
রোববার (২৯ জুন) সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই অভিযোগ দেয়া হয়।
অভিযোগে বলা হয়েছে, ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি ২০১৫ সালে গুম ও হত্যার শিকার হন। তিনি রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।
ঢাকা ৯ এর সাবেক সাংসদ সাবের হোসেন চৌধুরী, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ ৬২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় আজ এই অভিযোগ দায়ের করেন জনির বাবা ইয়াকুব আলী। মামলায় খিলগাও এলাকার তৎকালীন বেশ কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের আসামি করা হয়েছে।
এই মামলায় তাকে সহযোগিতা করেন বিএনপির মামলা সংক্রান্ত তথ্য সেলের সমন্বয়ক মো. সালাউদ্দিন খান।
এ প্রসঙ্গে সালাউদ্দিন খান জানান, বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলো বলেই জনিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হত্যা করে। প্রসিকিউশন তাদের অভিযোগ আমলে নিয়ে তদন্ত সংস্থায় পাঠাবে।
নিহত জনির বাবার ইয়াকুব আলী বলেন, ছেলে হত্যার ন্যায় বিচার চাইতে ট্রাইব্যুনালে এই অভিযোগ দায়ের করেছেন।