ঢাকায় পর্বতারোহী শাকিলের আলোকচিত্র প্রদর্শনী শুরু

দেশের তরুণ পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল ও তার গাইড নেপালের তাশি গ্যালজেন শেরপার এভারেস্ট অভিযানের ছবি নিয়ে ‘সাগর থেকে শিখরে’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। 

শুক্রবার (১১ জুলাই) রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে তিন দিন ব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন হয়। চলবে ১৩ জুলাই পর্যন্ত। 

প্রদর্শনীতে তিন দেশের সমতল থেকে পাহাড়ি জীবন, নৈসর্গিক হিমালয় ও অভিযানের বিভিন্ন আলোকচিত্র স্থান পেয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকাস্থ নেপালি দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ললিতা শিলওয়েল। 

তিনি বলেন, এই ধরনের ব্যতিক্রমী অনুষ্ঠান তরুণদের অনুপ্রাণিত করবে। সেই সঙ্গে নেপাল-বাংলাদেশের সম্পর্ক আরও গভীর করবে। পরে তিনি আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন।

পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল বলেন, এতোদিন যারা আমার এভারেস্ট জয়ের গল্প শুনেছেন এই প্রদর্শনী তাদের সবার জন্য। এই প্রদর্শনীর মাধ্যমে আমার পুরো যাত্রার গল্প তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, সবাই অনেক আনন্দিত হবেন।

আয়োজকরা জানান, আলোকচিত্র প্রদর্শনীতে দুই পর্বতারোহীর ১১৫টি ছবি স্থান পেয়েছে। এর মধ্যে এভারেস্টজয়ী শাকিলের ৯৯টি ও শেরপা তাশির ১৬টি ছবি রয়েছে। শুক্রবার বিকেল সাড়ে তিনটা থেকে প্রদর্শনী শুরু হয়েছে, চলবে সন্ধ্যা সাতটা পর্যন্ত। বাকি দুই দিন অর্থাৎ ১২ ও ১৩ জুলাই বেলা ১১টা থেকে বিকেল সাড়ে পাঁচ পর্যন্ত উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশের দুইবারের এভারেস্টজয়ী পর্বতারোহী এম এ মুহিত, অ্যান্টার্কটিকা ও সুমেরু অভিযাত্রী ইনাম আল হক, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।

চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি কক্সবাজার সমুদ্রসৈকত থেকে শুরু করে এক হাজার ৩৭২ কিলোমিটার হেঁটে ২৯ এপ্রিল এভারেস্ট বেজ ক্যাম্পে পৌঁছান শাকিল। পরে ১৯ মে ভোর সাড়ে ছয়টায় অভিযানের গাইড তাশি গ্যালজেন শেরপার সঙ্গে এভারেস্ট শিখরে আরোহণ করেন তিনি।