রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় দুই বাসের মাঝখানে চাপা পড়ে আতিকুর রহমান (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা পর গুরুতর আহত অবস্থায় আতিকুরকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আতিকুর রহমানের ছেলে তাসিন আহমেদ জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর গ্রামে।
নিহত আতিকুর রহমানের সহকর্মী ওবায়দুর রহমান জানান, আতিকুর সবুজবাগ বাসাবো এলাকায় একটি মেসে থাকতো। তিনি ঢাকা রেলওয়ে কমলাপুরে (এসএস পিটার) কর্মরত ছিলেন। তার স্ত্রী ও তিন সন্তান গ্রামে থাকে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মুগদায় দুই বাসের চাপায় আহত অবস্থায় এক ব্যক্তিকে ঢাকা মেডিকেল আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।