মাইলস্টোন ট্রাজেডি: মৃত্যুর কাছে হার মানলেন আরও এক শিক্ষক

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় ২৪ দিন পর মাহফুজা (৪৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর পৌনে ১টায় চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। 

তিনি বলেন, আজ দুপুর পৌনে ১টার দিকে শিক্ষিকা মাহফুজা মারা গেছেন। তার শরীরের ২৫ শতাংশ দগ্ধ ছিলো।

এই ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১৯ জন মারা গেছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ২৩ জন এবং ১৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

এর আগে গেল ২১ জুলাই দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। শিক্ষক মাহফুজাসহ এই ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হলো। নিহতদের বেশিরভাগই শিশু।