বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে ৩২ নম্বরে নেতাকর্মী সমবেত না হতে দিতে কড়া নিরাপত্তা

১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মোট ২৬ জনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো নেতাকর্মী একসঙ্গে সমবেত হতে না পারে সেজন্য ধানমন্ডি ৩২ নম্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 

শুক্রবার (১৫ আগস্ট) সকাল থেকেই অনেকটাই শুনশান ৩২ নম্বর এলাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে পুলিশ, র‌্যাব, আনসার মোতায়েন করা হয়েছে। তবে সকাল থেকে বিএনপি ও ফ্যাসিবাদ বিরোধী অন্য দলের নেতাদের দেখা যায়নি সেখানে। 

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ধানমন্ডি ৩২ নম্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ বলছে, সরকারের নির্দেশনা রয়েছে ১৫ আগস্ট উপলক্ষে নিষিদ্ধ সংগঠনের কেউ সমবেত হতে পারবে না। এরই মধ্যে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা গত কয়েক মাসে নানাভাবে ষড়যন্ত্র করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করেছে। কাজেই কোনোরকম ছাড় দেওয়ার সুযোগ নেই। যারা সাধারণ মানুষের স্বাধীনতা হরণ করার অপচেষ্টায় লিপ্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার রাতে ৩২ নম্বর থেকে ‘আওয়ামী লীগ সন্দেহে’ বেশ কয়েকজন ব্যক্তিকে আটক করা হয়।