বাংলাদেশ কখনও ব্রিকসের সদস্য হতে আবেদন করেনি: রুশ দূতাবাস

ঢাকায় দায়িত্বরত রাশিয়ান দূতাবাসের রাজনৈতিক কনস্যুলার অ্যান্টন চ্যারনভ বলেছেন, ব্রিকসের সদস্য হতে শেখ হাসিনা সরকার শুধু মুখে বলেছে। কিন্তু লিখিত কোনো আবেদন করে নাই। 

সোমবার (১৮ আগস্ট) দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তরে এমন তথ্য জানান তিনি। 

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পেতে বিদেশি অন্য গণমাধ্যমগুলোর মতো রাশিয়ার গণমাধ্যমও সংবাদের উৎস হতে পারে। ‌ 

বাংলাদেশি শিক্ষার্থীদের রাশিয়া সম্পর্কে জানাতে এবং চলমান ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ নিয়ে সব প্রশ্নের উত্তর দিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক সঙ্গে মুভি দেখার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে পরপর তিনটি সিনেমা উপভোগ করেন দূতাবাসের কর্মকর্তারা।

পরে বক্তব্য রাখেন দেশটির ঢাকায় নিযুক্ত রাজনৈতিক শাখার কনস্যুলার অ্যান্টন চ্যারনভ। তুলে ধরেন ব্রিকসের গুরুত্ব। সেই প্রসঙ্গে শিক্ষার্থীদের থেকে প্রশ্ন ওঠে, তবে কেন বাংলাদেশের অংশগ্রহণকে সমর্থন করেনি রাশিয়া? জবাবে অ্যান্টন বলেন, এটা শুধু মুখেই বলেছে বিগত সরকার। লিখিত আবেদন জমা দেয়নি। 

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যান্টন। ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধসহ আন্তর্জাতিক বিষয়গুলোতে রাশিয়ার গণমাধ্যম থেকেও তথ্য নেওয়ার আহবান জানান তিনি। 

এসময় একক সূত্রের খবর কখনও কখনও ভুল বার্তা দেয় বলেও দাবি করেন এই কূটনীতিক।