প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তিসহ পাঁচ দফা দাবি ২৪ ঘন্টার মধ্যে লিখিত প্রজ্ঞাপন জারি করা না হলে মার্চ টু সচিবালয় কর্মসূচির ঘোষণা দিয়েছেন অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকেরা। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা সাত কর্মদিবসের মধ্যে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
এর আগে প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবির প্রেক্ষিতে সাত সদস্যের একটি শিক্ষক প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা কাছে স্মারকলিপি দেন। এর পরে প্রধান উপদেষ্টা তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন বলে জানা যায়। কিন্তু শিক্ষকরা জানান, দাবি আদায় না করে অর্থাৎ লিখিত প্রজ্ঞাপন ছাড়া মাঠ ছাড়ছি না।
প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের পাঁচ দাবি হলো-
- অবিলম্বে সব বিশেষ (অটিস্টিক ও প্রতিবন্ধী) বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তি সুনিশ্চিত করতে হবে।
- সকল বিশেষ বিদ্যালয়ের প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো সুনিশ্চিত করতে হবে।
- বিশেষ শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ৩ হাজার টাকা নিশ্চিত করতে হবে।
- শিক্ষার্থীদের মিড-ডে মিলসহ শিক্ষা উপকরণ, খেলাধুলা সরঞ্জাম প্রদান ও থেরাপি সেন্টার বাস্তবায়ন করতে হবে।
- ছাত্র-ছাত্রীদের ভোকেশনাল শিক্ষা কারিকুলামের আওতায় কর্মসংস্থান সৃষ্টি ও পুনর্বাসন সুনিশ্চিত করতে হবে এবং সকল চাকরি ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের নির্ধারিত কোটা নিশ্চিত করতে হবে।