বসুন্ধরার চেয়ারম্যানের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য, ব্যারিস্টার সারোয়ারের বিরুদ্ধে মামলা

দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সামাজিক ও ইলেকট্রনিক মাধ্যমে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে এম. সারোয়ার হোসেনের বিরুদ্ধে ঢাকার আদালতে একটি দেওয়ানী মোকদ্দমা দায়ের করেছেন। মোকদ্দমাটির নম্বর: ১৫৪/২০২৫।

শনিবার (২২ নভেম্বর) ঢাকার বিজ্ঞ যুগ্ম জেলা জজ আদালতে এই মামলাটি দায়ের করা হয়। মামলায় বিবাদী করা হয়েছে এম. সারোয়ার হোসেন, যার ঠিকানা বনানী, ঢাকা। তিনি ব্যারিস্টার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী।

মামলার নথিপত্রে বাদী অভিযোগ করেছেন, বিবাদী এম. সারোয়ার হোসেন দীর্ঘদিন ধরে অনবরত মিথ্যা, অকথ্য এবং মানহানিকর বক্তব্য প্রদান করে আসছেন। এর ফলে বাদী আহমেদ আকবর সোবহান, তার ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং পরিবারের সদস্যরা দেশে-বিদেশে ব্যবসায়ী কমিউনিটি ও সাধারণ জনগোষ্ঠীর নিকট অপমানিত, অপদস্থ ও সমালোচিত হয়েছেন, যার কারণে তারা আর্থিক, ব্যবসায়িক ও মানসিকভাবে বিরাট ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

অভিযোগে আরো বলা হয়, বিবাদী পূর্বপরিকল্পিতভাবে বিভিন্ন সোশ্যাল ও ইলেকট্রনিক মিডিয়ায় অপপ্রচার চালিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বড় ব্যবসায়ীদের ব্ল্যাকমেইল করে অর্থ উপার্জনের অপচেষ্টায় লিপ্ত।

বাদী আহমেদ আকবর সোবহান দেশের স্বনামধন্য ব্যবসায়ী গ্রুপ, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও মালিক। বসুন্ধরা গ্রুপ ১৯৮৭ সালে আবাসন ব্যবসার মধ্য দিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে গ্রুপটি খাদ্যপণ্য, কাগজ, সিমেন্ট, এলপিজি, শিপিং, গোল্ড, সংবাদপত্র এবং টিভি চ্যানেল প্রতিষ্ঠাসহ বিভিন্ন ব্যবসা অত্যন্ত সুনামের সঙ্গে পরিচালনা করে আসছে।

আদালত বাদীর আরজি আমলে নিয়ে বিবাদী এম. সারোয়ার হোসেনের বিরুদ্ধে সমন জারি করেছেন। তাকে আদালতে উপস্থিত হয়ে নালিশের উত্তর দিতে এবং মোকদ্দমার বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তির জন্য সাক্ষ্যপ্রমাণের প্রস্তুতি নিয়ে আসতে নির্দেশ দেওয়া হয়েছে।

মামলায় বাদীপক্ষের পক্ষে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি হিসেবে দেখভাল করছেন বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজার (আইন শাখা) মো. সামসুল আলম।