কড়াইল বস্তিতে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

রাজধানীর কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে প্রাণহানি না ঘটলেও বস্তির অসংখ্য বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। 

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়-ক্ষতির বিষয়ে অনুসন্ধান করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মামুনুর রশিদকে প্রধান করে কমটিটি গঠিত হয়েছে। 

কমিটির সদস্য সচিব করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পিএফএম শাখার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামানকে। সদস্য করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জোন-২-এর উপসহকারী পরিচালক অতীশ চাকমা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন তেজগাঁও জোনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজিম উদ্দিন সরকার ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা–২৩-এর ওয়্যারহাউজ ইনচার্জ মো. সোহরাব হোসেনকে।

এর আগে, মঙ্গলবার বৌবাজারের একটি ঘর থেকে বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। কিছু সময়ের মধ্যেই বস্তির শতাধিক ঘরে ছড়িয়ে পড়ে আগুন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট যায়। প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।