ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীর শিক্ষা ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীদের একাংশ।
শিক্ষার্থীরা বলছেন, আলোচনা সাপেক্ষে তারা পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত নেবেন। তবে দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।
এ কর্মসূচির কারণে সচিবালয় অভিমুখে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে কড়া অবস্থান নিয়েছে পুলিশ। যার ফলে এই পথ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
এর আগে অধ্যাদেশ জারির এক দফা দাবিতে শিক্ষা ভবনের সামনে রাতভর অবস্থান করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলছেন, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করলেও এখনও চূড়ান্ত অধ্যাদেশ প্রণয়নে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে পরিচয় সংকট, একাডেমিক অনিশ্চয়তা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দেড় লক্ষাধিক শিক্ষার্থী মারাত্মক সমস্যায় পড়েছেন।
চূড়ান্ত অধ্যাদেশ নিয়েই ক্লাসে ফিরবেন তারা, এমনটিই বলছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।