‘শান্তিচুক্তি’ ভঙ্গ করে ফের সংঘর্ষে জড়ালো ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা

বিবাদে না জড়াতে ‘অঙ্গীকার করার’ ঠিক এক মাসের মাথায় আবারও সংঘর্ষে জড়ালো রাজধানীর ঢাকা কলেজ ও ধানমন্ডির আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। 

ঠিক এক মাস আগে এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে মৌখিক শান্তিচুক্তি হয়। নিজেদের ‘ভাই ভাই’ স্লোগান দিয়ে তারা মারামারি করবেন না বলে প্রতিজ্ঞা করেন। কিন্তু এক মাসের মাথায় আবারও ঘটলো একই ঘটনা।

দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলার সময় কলেজের বাস ভাঙচুর করা হয়। এরপর দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

পরে ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল আইডিয়াল কলেজের ভেতরে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এরপর পুলিশ ও শিক্ষকদের অনুরোধে শিক্ষার্থীরা শান্ত হলেও পুলিশ বেরিয়ে যাওয়ার পর আবার ছড়িয়ে পড়ে উত্তেজনা। এসময় পুলিশ আবার ফিরে আসে এবং আইডিয়াল কলেজ, ল্যাবএইড, পপুলার হাসপাতালের সামনে অবস্থান নেয়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব গনমাধ্যমকে বলেন, কর্তৃপক্ষ ও পুলিশের তৎপরতায় ঢাকা কলেজের ছাত্রদের বুঝিয়ে কলেজের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কলাবাগান এলাকায় পুলিশ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।