সচিবালয়ে বিক্ষোভের সময় আটক চার

ভাতার দাবিতে সচিবালয়ের ভেতর বিক্ষোভ করার সময় সচিবালয় সংযুক্ত কর্মচারী পরিষদের সভাপতি বাদিউল কবিরসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে আটক করে তাদের প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়। বুধবারের অপ্রীতিকর ঘটনার পর আজ দুপুরের পর থেকে সচিবালয়ের ভেতরে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের সামনে সতর্ক অবস্থানে ছিলেন তারা।

দুপুরের পর সচিবালয়ে বিক্ষোভ কর্মসূচিতে বৃহস্পতিবারের মধ্যে সচিবালয় ভাতার আদেশ জারি না করা হলে আগামী সপ্তাহ থেকে পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি কর্মচারীরা। পরে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেয়। এ সময় চারজনকে আটক করা হয়।

বুধবারও সচিবালয় ভাতার দাবিতে প্রায় ৬ ঘণ্টা অর্থ মন্ত্রণালয় অবস্থান করেন কর্মচারীরা। এসময় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ তার কক্ষে অবরুদ্ধ ছিলেন।

আটকের বিষয়ে ডিএমপির যুগ্ম কমিশনার সানা সামিনুর রহমান বলেন, প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় কেপিআই এলাকার অন্তর্ভুক্ত। এখানে যেকোনো ধরণের বিশৃঙ্খলা করা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তিনি জানান, সচিবালয়ে বিক্ষোভ অন্য কোনো উদ্দেশ্যে কিনা খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই করে আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।