ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করা হয়েছে। আটক করা হয়েছে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের একটি সূত্র একাত্তর টেলিভিশনকে এ তথ্য নিশ্চিত করেছে।
র্যাব জানায়, মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয়েছে। পরে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
র্যাব আরও জানায়, হত্যাচেষ্টার ঘটনায় হান্নানের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
গোয়েন্দারা বলছেন, হাদির ওপর হামলার ঘটনায় সরাসরি জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রোববার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ডিসি মিডিয়া তালেবুর রহমান বলেন, হত্যার ঘটনায় হান্নান জড়িত কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওসমান হাদিকে গুলি করা অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এরইমধ্যে শুটারকে শনাক্ত করা হয়েছে।
অপরাধীরা পালিয়ে গেছে কিনা এমন কোনো তথ্য জানা নেই উল্লেখ করে তিনি আরও বলেন, কেন তাকে হত্যা চেষ্টা করা হয়েছে সে বিষয়গুলো তদন্তে উঠে আসবে। ভোটের মাঠের প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেয়া হচ্ছে জানিয়ে, নগরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেকপোস্ট, টহল কার্যক্রম বাড়ানো হয়েছে বলেও জানান ডিসি মিডিয়া।
এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। শুক্রবার বিজয়নগরে তাকে গুলি করে দুর্বৃত্তরা।
মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হয়। এরপর রাতে পরিবারের সিদ্ধান্তে তাকে ঢামেক থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। হাদির সার্বিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।