হাদির ওপর হামলায় দুই সন্দেহভাজন শনাক্ত, পাসপোর্ট ব্লক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় দুই সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন, আলমগীর শেখ ও ফয়সাল মাসুদ। তাদের পাসপোর্ট ব্লক করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম আরো জানান, বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সতর্ক করা হয়েছে। সীমান্তে আলমগীর ও ফয়সালের সঙ্গে সম্পৃক্ত তিনজনকে আটক করা হয়েছে। তারা ইমিগ্রেশন পথে ও চোরাইপথে মানব পাচার করে।

শনাক্ত দুইজন দেশের বাইরে সীমান্ত পথে পালিয়ে গেছে কি না, সে বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।

ইমিগ্রেশন তথ্য অনুযায়ী দুইজন দেশত্যাগ করেনি জানিয়ে ডিএমপির এই অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, গুলি করা ও মোটরসাইকেল চালানো দুইজন দেশে আছে বলেই ধারণা তাদের।

এখনো মামলা না হওয়ার বিষয় পুলিশ বলছে, বাদী পক্ষ আসলে মামলা নেয়া হবে। তারা এখনও রোগী নিয়ে ব্যস্ত।

ঘটনায় ব্যবহার করা মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি জানায়, সব জুলাই যোদ্ধার নিরাপত্তা দেয়ার সামর্থ্য পুলিশের নেই। তবে দেশ নিরাপদ করতে ও সবাইকে নিরাপত্তা দিতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা ২টা ২৪ মিনিটে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। পেছন থেকে অনুসরণ করে আসা একটি মোটরসাইকেল থেকে এক ব্যক্তি ব্যাটারিচালিত রিকশায় থাকা হাদিকে গুলি করেন।

হামলাকারীদের শনাক্তে পল্টন থানার পাশাপাশি র‍্যাব, ডিবিসহ পুলিশের বিভিন্ন ইউনিট তদন্ত করছে ও অভিযান চালাচ্ছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে।