রাজধানীর উত্তরার ১১নং সেক্টরের ১৮নং সড়কের সাততলা ভবনে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। এরমধ্যে তিনজন একই পরিবারে সদস্য।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আবাসিক ভবনে আগুনের ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এছাড়া জীবিত উদ্ধার ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতরা হলেন- একই পরিবারের ফজলে রাব্বি রিজভী, আফসানা আক্তার সুবর্ণ ও মো. রিশন। বাকি তিনজন হলেন হারিছ উদ্দিন, মো. রাহাব ও রোদেলা।
এদিন সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে সকাল ৭টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের ঘটনায় উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করেছে।
তিনি জানান, সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টায় পুরোপুরি নির্বাপণ করা হয়। তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।